ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৬

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী ধোপল্লা বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের মাঝে পড়ে শাহজাহান (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এবং শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুই গ্রামের যুবকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ঘটনার দিন বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ সংঘর্ষের মুখে পড়েন শাহজাহান। এ সময় দুর্বৃত্তদের হামলা ও মারধরের শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়ার পর হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা জানান, “ঘটনাটি শাহরাস্তি উপজেলার সীমানার মধ্যে ঘটেছে। যেহেতু নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন, তাই হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভোরের আকাশ/সু.পা