লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিণাবিল কাটা পাহাড় এলাকায় রাতের আঁধারে পাহাড় কেটে ডাম্পারে করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন রাত পাহাড়ের লাল মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতে ডাম্পার চলাচল শুরু হয়। এতে পাহাড় ও
পরিবেশের ক্ষতির পাশাপাশি ভারী যানবাহনের শব্দে স্থানীয়দের ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ কাজে মামুন নামে এক ব্যক্তির গাড়ি ব্যবহারের অভিযোগ উঠলেও তিনি বলেন, তিনি শুধু গাড়ি ভাড়া দিয়েছেন। গত পরশু রাতে মো. বেলাল গাড়িটি ভাড়া নেন। পাহাড় কাটার সঙ্গে তিনি নিজে জড়িত নন
বলেও দাবি করেন মামুন।
পাহাড়টির মালিকানা দাবি করে মো. বেলাল বলেন, জায়গাটি তাদের খতিয়ানভুক্ত। প্রায় দুই মাস আগে সংস্কারের জন্য সামান্য অংশ কাটা হয়েছিল। তবে গত দুই দিন ধরে পাহাড়ের মাটি কে বা কারা নিয়ে
যাচ্ছে, তা তিনি জানেন না। মামুন নামের কাউকে চেনেন না বলেও দাবি করেন তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ- বিন-আখন্দ বলেন, পাহাড় কাটা আইনবিরোধী। কোনোভাবেই পাহাড় কাটা যাবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/ইউএম