আশুগঞ্জে সোয়া ৫ মণ গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে লাপাত্তা কারবারী

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেল শুক্রবার (৮মে) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক অভিযানে ২১০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ২টি গাড়িসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (৮ মে) ভোর পৌনে ৫ টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ অত্র থানাধীন দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামির ফেলে যাওয়া ১টি Toyota Hilux গাড়ি তল্লাশী করে ১৮০ (একশত আশি) কেজি গাঁজা উদ্ধার করেন।
অপর এক অভিযানে শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৭টায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করেন। এসময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি রহমত আলী সুজনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামে। তার বাবার নাম রুস্তম আলী।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধারকৃত সকল মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দু'টি মাদক মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব