শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবাইদুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসফেরত যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসযোগে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি মহাসড়কের বিপরীতমুখী লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবাইদুল ইসলাম নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/সু.পা