গাজীপুরে তিন দফা দাবিতে সম্মিলিত মানুষের মঞ্চের সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান

গাজীপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করার দাবি জানিয়েছে সম্মিলিত মানুষের মঞ্চ। একই সঙ্গে বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার, নাগরিক অধিকার ক্ষুণ্ন ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জুলাই মঞ্চ গাজীপুর জেলার সাবেক মুখপাত্র আল মুঈদ। পরে পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরে বলা হয়, গাজীপুরের প্রশাসন ও পুলিশ বিভাগের কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। দায়িত্ব পালনে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। তদন্তের ফলাফল ও গৃহীত পদক্ষেপ জনসমক্ষে প্রকাশেরও দাবি জানানো হয়।
দ্বিতীয় দাবিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাধীন ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার কথা বলা হয়। নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জেলা প্রশাসনসহ সরকারি দপ্তরগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করছে কি না, তা পর্যালোচনার দাবি জানানো হয়। পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
তৃতীয় দাবিতে বিগত ১৭ বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নাগরিক অধিকার ক্ষুণ্ন কিংবা দায়িত্বে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমানেও কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্তের আহ্বান জানানো হয়, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।
স্মারকলিপিতে আরও বলা হয়, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব যেন সরকারি কার্যক্রম ও নাগরিক অধিকারকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা তাদের উদ্দেশ্য নয়,বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই, স্বচ্ছ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন৩৬ শে জুলাই পাঠাগারের পরিচালক রেদওয়ান জামান প্রতীক এক্টিভিস্ট রেদওয়ান জামান প্রতীক, সমাজসেবক হোসেন মাহমুদ, বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল প্রমুখ।
ভোরের আকাশ/ইউএম