খাগড়াছড়ির মাঠ থেকেই উঠে আসবে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার

খাগড়াছড়ির তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। প্রয়োজন নিয়মিত চর্চা, উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা। এ অঞ্চলের মাঠ থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বুধবার(১১নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলার পানখাইয়া পাড়া হাই স্কুল মাঠে ঊষা স্পোর্টিং ক্লাব আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ম্রাসা থোয়াই মারমা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ জন্য স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর উদ্যোগকে আরও উৎসাহিত করা প্রয়োজন।
ঊষা স্পোর্টিং ক্লাবের সভাপতি আপ্রুশি মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে, টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মারমা যুব কল্যাণ সংসদকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। রানার্সআপ হয় মারমা যুব কল্যাণ সংসদ।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে।
ভোরের আকাশ/ এনউব