কেরানীহাট অংশ ৪ লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে কেরানীহাট অংশ ৪ লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট কেরানীহাট বাজারের যানজট ও দুর্ঘটনা নিরসনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
প্রস্তাবিত প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শিগগিরই প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মতে, কেরানীহাট অংশ ৪ লেনে উন্নীত হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট কমার পাশাপাশি সড়কে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান রুটে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রামের সড়ক যোগাযোগে গতি আসার পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/জেআ