কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু, এখনও বিপৎসীমার উপরে দুধকুমার

উজানের ঢল কিছুটা কমে আসা এবং বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি সামান্য হ্রাস পেয়েছে। তবে ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে পানি স্থিতিশীল রয়েছে।
সকাল ৯টার তথ্য অনুযায়ী, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানির উচ্চতা ২৫ দশমিক ৬১ মিটার, যা সকাল ৬টার তুলনায় ১ সেন্টিমিটার কম এবং এখনও বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচে রয়েছে। তালুকশিমুলবাড়ী পয়েন্টে পানির উচ্চতা ৩০ দশমিক ২২ মিটার, যা তিন সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।
দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা সকাল ৯টায় ২৯ দশমিক ৮১ মিটার রেকর্ড করা হয়েছে, যা সকাল ৬টার তুলনায় ১ সেন্টিমিটার কম। তবে নদীটি এখনও বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া, এ. হাটিয়া ও চিলমারী পয়েন্টে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি। তিনটি পয়েন্টেই পানি স্থিতিশীল রয়েছে।
এদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানির উচ্চতা ১০ সেন্টিমিটার কমে সকাল ৯টায় ২৮ দশমিক ৯৮ মিটারে নেমে এসেছে, যা এখনও বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ২২ মিলিমিটার, পাটেশ্বরীতে ৭ মিলিমিটার এবং চিলমারীতে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার অধিকাংশ নদ-নদীর পানি কমার প্রবণতা দেখা গেলেও দুধকুমার নদী এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ইউএম