দেবীগঞ্জে সেচ প্রকল্প চালু হলে সুবিধা পাবেন ৫০ হাজার মানুষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষ সেচ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিদ্যুতের পাশাপাশি ভবিষ্যতে সৌরবিদ্যুৎ ব্যবহার করেও প্রকল্পটি পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে কৃষকদের সেচ খরচ কমবে, পাশাপাশি বাড়বে ফসল উৎপাদন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া হালকা সেচ পাম্পসংলগ্ন মাঠে সেচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ৫০ হাজার মানুষ সেচ সুবিধা পাবেন। এর ফলে তাঁদের জীবন-জীবিকার মান উন্নত হবে। প্রকল্পটি প্রথমে বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হলেও ভবিষ্যতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে কৃষকদের প্রতি বিঘা জমিতে সেচ দিতে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ হয়। বিদ্যুৎচালিত সেচব্যবস্থা চালু হলে এ ব্যয় কমে প্রায় ১ হাজার ৫০০ টাকায় নেমে আসবে। আর সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ দেওয়া সম্ভব হলে খরচ ১ হাজার টাকারও কম হবে। এতে কৃষকরা কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারবেন।
‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, ৮৪টি আউটলেট ও পাম্প হাউস পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে গত ৫ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্প হাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপন করা হবে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু রহমান, সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান, দণ্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম গোলাপ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ ডব্লিউএমএ-ডব্লিউএমজি পানি ব্যবস্থাপনা দলের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
ভোরের আকাশ/সু.পা