ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

‘চলো অভ্যাস বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা ও টায়ারে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাকির হোসেন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা।
এছাড়া অভিযানে ফুলপুরে স্কাউট সদস্য, স্থানীয় সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভোরের আকাশ/আ.র