মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জন গ্রেফতার।
বুধবার (২৫ মার্চ) দিবাগত-রাতে কক্সবাজার মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতানের নির্দেশনায় এসআই মোজাহারুল ইসলাম, এএসআই নুমং মার্মাসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিআর মামলা নং-১১৯/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী আলী আজগর (৪০), জাফর হোছন (৬২), আলী হোছন (৪০), নুরুল ইসলাম (৫৫) ও নুর উদ্দিন (৪২)কে মাতারবাড়ীর তিতামাঝির পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া পাহাড়তলী থানার মামলা নং-৩৬ (১২) ১২ এর ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইব্রাহিম খলিল দিদারকে আটক করা হয়। তিনি লামা বাজার টিএসও চট্টগ্রামের সাবেক সাব-পোস্টমাস্টার বলে জানা গেছে।
অভিযানে গ্রেফতার হন সিআর-৮৯৩/২৪ মামলার আসামী মোঃ আবদুল কাইয়ুম, সিআর-৬০৮১/২৪ মামলার আসামী আব্দুল মোনায়েম এবং সিআর মামলা নং-১৩৪/২৫ এর আসামী জাফর আলম (৫৩)। অপরদিকে, মহেশখালী থানার মামলা নং-২৭/৮৫ এর এজাহারভুক্ত আসামী মোঃ কুতুব উদ্দিন (২৩)কেও আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সোলতান জানান, মহেশখালীকে অপরাধ ও সন্ত্রাস মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ