শেখ হাসিনাসহ ৫৪৯ নেতাকর্মীর অভিযোগপত্র দাখিল

২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
এই পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৫৪৯ নেতাকর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক রওশন ইয়াসদানি বলেন, তিনটি হত্যা মামলার চার্জশিট আমরা হাতে পেয়েছি।
আজ সোমবার (১০ নভেম্বর) মামলার ধার্য তারিখ ছিল। মামলার মূল নথি জেলা জজ আদালতের থাকার কারেন চার্জশিট গ্রহণের উপর শুনানি হয়নি। জেলা জজ আদালত থেকে মামলার নথি ফেরত আসার পর চার্জশিট গৃহীত হবে। মামলার পরবর্তী তারিখ ৮ ডিসেম্বর।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে (গত ৪ আগস্ট) সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জ, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এঘটনায় ২২ আগস্ট রাতে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপিকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপিকর্মী সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
এই তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামী-অঙ্গসংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
ভোরের আকাশ/মো.আ.