ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ফুলবাড়ী-২৯ বিজিবির সদর দপ্তরে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম বিজিবির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিএম, পিবিজিএম, পিএসপি। তিনি আগত অতিথি ও বিজিবির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে আসছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে এ ব্যাটালিয়ন স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করেছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতে সীমান্ত রক্ষায় ফুলবাড়ী-২৯ বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফ-উজ-জামান (পিএসসি)।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম)।
এ ছাড়া ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু সহিদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রংপুর রিজিয়নের পরিচালক (লজিস্টিক), অতিরিক্ত পরিচালক (অপারেশন), দিনাজপুর সেক্টরের অধিনায়ক, জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের কর্মকর্তাসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুলবাড়ী-২৯ বিজিবির জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবির সৈনিক ও বেসামরিক কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
কেক কাটাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন করে ফুলবাড়ী-২৯ বিজিবি।
ভোরের আকাশ/সু.পা