মানিকগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী ও দেড় বছর বয়সী সন্তানকে ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে পাষণ্ড এক প্রবাসী। ডাবল মাডারের পর নিহত স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে নিজেও আত্মহত্যা করেছে।
হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহি জান্নাকান্দি গ্রামে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে। একরামের বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুকী জনতা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত প্রবাসীর মরদেহ এবং হত্যাকাণ্ডের শিকার স্ত্রী ও সন্তানের নিথর মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বারাহি জান্নাকান্দি গ্রামের নূর হক মোল্লার ছেলে একরাম মোল্লা (৪০) একজন প্রবাসী। কিছুদিন আগে তিনি ছুটিতে দেশে আসেন। শুক্রবার রাতে কোন এক সময় হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রী প্রিয়াঙ্কাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। পরে দেড় বছর বয়সী মেয়ে এলিজাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। এরপর আকরাম নিজেই তার স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা ও আত্মহত্যার কারণ জানা যাবে। এ বিষয়ে মানিকগঞ্জ থানায় পৃথক মামলা রুজু হয়েছে।
ভোরের আকাশ/ এনউব