খুলনার রুপসা সেতুর নীচ থেকে বিদেশি পিস্তল ও ককটেলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগরীর লবনচরা থানা পুলিশ চাদার অভিযোগে অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ সন্ত্রাসীকে অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশে কিসলু হাওলাদারের ছেলে মোঃ আল আমিন (২৩), রূপসা মর্ডাণ সীফুড এলাকার আঃ রাহিম মোল্লা ওরফে কসাই রহিমের ছেলে মোঃ রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড রোডের ডাক্তার গলির রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তাদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত। এমনই তথ্য পেয়ে পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ৯টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌঁছালে গ্রেপ্তার আসামিরা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
কেএমপি'র সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বালির মধ্যে পড়ে যায়।
পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।
এ সময় উল্লিখিত অস্ত্রগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। রাতে আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এম