গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ, হাসপাতালে ভর্তি

গাইবান্ধার সাঘাটায় মৃত ব্যক্তির মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
তাঁদের মধ্যে অনেকেই ডায়রিয়া, বমি ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। মজলিসের আয়োজনের জন্য তাঁর বাবা বাবলু ব্যাপারী স্থানীয় মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই একে একে অতিথিদের মধ্যে পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে একই অনুষ্ঠানে খাবার খাওয়া শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাঁদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে অনেককে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, জটিলতা দেখা দেওয়া কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
একই অনুষ্ঠানের খাবার খেয়ে এত বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হওয়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।
স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির দূষণ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। যেসব রোগীর শারীরিক জটিলতা দেখা যাচ্ছে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা ও বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব