জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে মশাল মিছিল করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে রাতে ইসলামপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে পথসভা করে।
ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমরুল হাসান কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, ছাত্র নেতা সোহেল মিয়া প্রমূখ ।
পথ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদল সব সময় প্রস্তুত রয়েছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ফ্যাসিবাদ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মশাল মিছিলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
ভোরের আকাশ/ইউএম