প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না ডা. জাহিদ হোসেন

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা বিভিন্নভাবে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল তাদের মুরুব্বিদের ওপর। মুরুব্বিরা যত দিন তাদের ক্ষমতায় রাখতে পারবেন, তত দিনই তারা ক্ষমতায় থাকবেন-এমন ধারণা ছিল তাদের। কিন্তু ৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। এরপর তারা সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় দিনাজপুর সরকারী কলেজ হল রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।তিনি এ সময় দিনাজপুর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টুডিয়াম গড়ে তোলার জন্য ২৫০ কোটি টাকার বরাদ্দের কথা বলেন।
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৪ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।
তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস। দলবাজির ক্যাম্পাস হবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণবিশ্বাস আছে। তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করা জরুরি। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরেরর পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, উপাধ্যক্ষ মো. কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ৬ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ে যারা প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করবেন, তারা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে দিনাজপুর সরকারি কলেজ মাঠে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বিভিন্ন কলেজের শিক্ষার্থী-অ্যাথলেট, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। প্রতিযোগীদের মধ্যে ছিল নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়, আর দর্শকদের মধ্যে ছিল প্রিয় দল ও খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার উচ্ছ্বাস।
ভোরের আকাশ/এনএস