শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পথে-অদম্য আলিফ

নওগাঁর বদলগাছী উপজেলার কামারবাড়ী গ্রামে জন্ম হয় আলিফের। এখন তার বয়স ১৪ বছর। তিন ভাই-বোনের মধ্যে সে সবার বড়। জন্ম থেকেই আলিফ প্রতিবন্ধী, অন্যান্য মানুষের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। তার কোমর থেকে নিচের অংশে শুধু দুটো পায়ের পাতা যুক্ত আছে। যা দিয়ে সে দৈনন্দিন কাজ করতে পারে না। কোমরের নিচের অংশ অর্থাৎ পা ছাড়া তার সবকিছু স্বাভাবিক।
শারীরিক এই প্রতিবন্ধকতা শুরুতে সীমাবদ্ধ করে রাখলেও, সে কখনো স্বপ্ন দেখতে বা লড়াই করা বন্ধ করেনি। বর্তমানে আলিফ বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার লক্ষ্য—একদিন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া।
তার বাবা উজ্জ্বল হোসেন প্রবাসে থাকেন এবং মা সুখী বানু সংসারের নানা কাজে ব্যস্ত থাকায় দৈনন্দিন জীবন, স্কুলে যাওয়া এবং চিকিৎসার দায়িত্ব পালন করেন তার দাদা সাইফুল হোসেন। দাদা আলিফের প্রতিটি ছোট পদক্ষেপে পাশে থেকে তাকে উৎসাহিত করেন। প্রতিদিন দাদার কাঁধে চড়ে আলিফ তার স্কুলে যাওয়া-আসা করে।
দাদা সাইফুল হোসেন বলেন, “আলিফ কখনো হাল ছাড়ে না। আমি চেষ্টা করি যেন ও সবসময় এগিয়ে যেতে পারে। আমি চাই আলিফ যাতে লেখাপড়া করে বড়ো কিছু করতে পারে।”
মা সুখী বানু বলেন, “আমার ছেলের যখন জন্ম হয় ওকে দেখে সবাই হতাশ হয়েছিলো। কিন্তু ওর লেখাপড়ার আগ্রহ মনে আশা জোগায়। আমি চাই সে অনেক বড়ো হোক। তার নিজের স্বপ্ন পূরণ হোক। আলিফ যেন ছোট ভাই-বোনদের জন্য শক্তিশালী উদাহরণ হয়ে উঠতে পারে তাই চাই।”
সহপাঠী হৃদয় কুমার বলেন, “আলিফ একজন ভালো সহপাঠী। খুব পরিশ্রমী ও মনোযোগী। আমরা ওর সাথে খেলি, প্রতিযোগিতা করে পড়াশোনা করি। ওর চেষ্টা আমাদেরও অনুপ্রাণিত করে।”
বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, “আলিফ খুব মনোযোগী ছাত্র। সবাই তাকে সমাদর করে। তার ক্লাসের সহপাঠীরাও খুবই বন্ধু সুলভ। আমরা আলিফের যাতায়াতের সুবিধার্থে একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা করে দিয়েছি। কম্পিউটার বিষয়ে তার আগ্রহ ও কৌতূহল অসাধারণ। আমরা শিক্ষকরা চেষ্টা করি যেন ওকে সবসময় সাহায্য করতে পারি।”
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোঃ নূহ্ বলেন, আলিফ একজন সুবর্ণ শিক্ষার্থী। তিনি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ইতোমধ্যে তাকে একটি সাধারণ ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। তবে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তিন কিলোমিটার হওয়ায় সেটি চালিয়ে যাতায়াত করা তার জন্য কষ্টসাধ্য। তাই তিনি একটি ব্যাটারিচালিত ইলেকট্রিক ট্রাইসাইকেলের আবেদন জানিয়েছেন। উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে একটি ইলেকট্রিক ট্রাইসাইকেল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আলিফের স্বপ্ন নিভে যায়নি। প্রতিদিনের ছোট ছোট সংগ্রাম তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্কুলে যাওয়া, ট্রাই সাইকেলে চলাফেরা করা, পড়াশোনা —সবই তার জন্য চ্যালেঞ্জ, কিন্তু সে কখনো থেমে যায় না। দাদার সহায়তা, শিক্ষকের উৎসাহ এবং পরিবারের সমর্থনে আলিফের স্বপ্ন প্রতিনিয়ত এগিয়ে চলছে।
আজ আলিফ বদলগাছীর কিশোরদের কাছে এক অনুপ্রেরণার নাম। সে দেখিয়ে দিয়েছে, শারীরিক দুর্বলতা কোনো বাধা নয়। স্বপ্ন দেখা এবং লড়াই করার ইচ্ছাশক্তিই প্রকৃত শক্তি।
ভোরের আকাশ/সু.পা