রাজশাহীতে শিক্ষার্থী মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সম্প্রতি এ ঘটনায় প্রথম আলোতে প্রকাশিত ‘আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ভাঙচুর’ শিরোনামের প্রতিবেদনের বিষয়টি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। বাহিনীর দাবি, ওই প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আনসার বাহিনী জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
বাহিনীর ভাষ্য, এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, আনসার সদস্য নন।
আনসার বাহিনী আরও জানায়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ঘটনাটির সঙ্গে আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্য জড়িত ছিলেন না। প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে তারা।
ভোরের আকাশ/জেআ