বগুড়ায় বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমানমোড় এলাকা থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিডালী বিমানমোড়স্থ করতোয়া পাম্প সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে।
এসআরবি-১২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা চালান নিয়ে এক ব্যক্তি আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে ফরহাদ হোসেনকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা