লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির সমর্থনপ্রত্যাশীদের যাচাই-বাছাই

আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে বিএনপির সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন, খোকন চৌধুরী, ফৌজুল কবির ফজলুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাকে কেন্দ্র করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী সাবেক ছাত্র ও যুবদল নেতা মুসলিম উদ্দীন মিছিলসহকারে অংশ নেন। একইভাবে পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নগরীর বৃহত্তর টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী দলীয় ফরম সংগ্রহ করেন।
এ ছাড়া লোহাগাড়ার বাকি সাত ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রত্যাশীরাও দলীয় ফরম সংগ্রহ করেন।
দলীয় ফরম হাতে পেয়ে প্রতিক্রিয়ায় মুসলিম উদ্দীন বলেন, ‘আমার মায়ের দোয়া হয়তো সফল হতে চলেছে, ইনশাআল্লাহ। এটা কোনো সাদা কাগজ নয়। এটা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের সম্মান। এটা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বড় পাওয়া। এটা সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘আমি যেখানে বড় হয়েছি, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সুযোগ পাব, ইনশাআল্লাহ।’
এ সময় দলের নেতাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে মুসলিম উদ্দীন আশা প্রকাশ করেন, দল তাঁকে হতাশ করবে না।
সভায় অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়ার বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রমের বিস্তারিত সিদ্ধান্ত বা পরবর্তী কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/জেআ