মতলবে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত ২

cর মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে অন্তত দুজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর গ্রামের মাছুয়াখাল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মো. জালাল জমদ্দারের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়া।
ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, আগুনে ঘরবাড়ির পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। বর্তমানে পরনের কাপড় ছাড়া পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে দিন কাটানোর উপক্রম হয়েছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/জেআ