রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সারাদেশের উদ্দেশে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকদের একটি অংশ। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
সকাল থেকে রাজশাহীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, বাস বন্ধের কোনো নির্দেশনা তারা দেননি। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কয়েকজন শ্রমিক কর্মবিরতিতে গেছেন এবং দুই শ্রমিককে মারধরের অভিযোগও করেন তিনি। তার দাবি, প্রশাসনের উদ্যোগে দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।
অন্যদিকে, মহানগর শ্রমিক দলের সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির অভিযোগ, নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, একটি পক্ষ জেলা প্রশাসনের বৈঠকের সিদ্ধান্ত না মেনে ভাঙচুর চালিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।
জানা গেছে, সোমবার বৈঠকের পর শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে বিক্ষোভ করে এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। মঙ্গলবার সকাল থেকে সেই কর্মবিরতি পুরোপুরি কার্যকর হওয়ায় রাজশাহী থেকে কোনো বাস ছাড়েনি। তবে কখন বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনএ