স্পিকারের সফর ঘিরে নতুন করে প্রত্যাশা
আটগ্রামে সুরমার নদীর ওপর সেতু চান দুই উপজেলার মানুষ

স্বাধীনতার স্মৃতিবিজড়িত আটগ্রাম এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে আটগ্রাম সুরমা বাজার এলাকায় সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ ও কানাইঘাট সফরকে কেন্দ্র করে এ দাবি আরও আলোচনায় এসেছে।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে স্পিকারের এ সফরের কথা রয়েছে। সফরকালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আটগ্রাম সুরমা নদীর ওপর সেতু নির্মাণের দাবি তুলে ধরছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।
আটগ্রাম সুরমা নদীর ওপর সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ও ৩ নম্বর কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের সময় স্পিকার আটগ্রাম হয়ে সুরমা নদী পার হয়েছিলেন। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে আটগ্রামে একটি সেতু নির্মাণের দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ৩ ডিসেম্বরের কর্মসূচিতে দুই উপজেলার মানুষের পক্ষ থেকে এ দাবি উত্থাপনের আহ্বান জানান।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু সেতুর দাবিকে সাধারণ মানুষের প্রাণের দাবি উল্লেখ করে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ জোরালো ভূমিকা রাখলে এ দাবি বাস্তবায়ন সম্ভব।
জাহাঙ্গীর আলমও দল-মত নির্বিশেষে আটগ্রাম-কাড়াবাল্লার মানুষকে সেতুর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মো. আলী হোসেন রাজা আটগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বড়চাল গ্যাসক্ষেত্র সচল, শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংরক্ষণ ও আটগ্রাম যুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সুরমা নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, আটগ্রাম এলাকায় সেতু না থাকায় শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। কানাইঘাটের সীমান্তবর্তী কয়েকটি এলাকার মানুষের জকিগঞ্জে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এটি। বর্ষায় নৌকা এবং শুষ্ক মৌসুমে অস্থায়ী সাঁকোর ওপর নির্ভর করতে হয় অনেককে।
স্বাধীনতার পর থেকে চলে আসা এ দাবি বাস্তবায়নে এবার স্পিকারের সফর ঘিরে আশাবাদী দুই উপজেলার মানুষ। তাঁদের প্রত্যাশা, আগামী ৩ ডিসেম্বরের কর্মসূচিতে সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
ভোরের আকাশ/সু.পা