ডিসেম্বরজুড়ে সীমান্তে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি

ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান বন্ধ করা এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত প্রতিরোধ করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতেই সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় স্থানীয়দের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় কারও সন্দেহজনক আসা-যাওয়া কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হবে। পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ