গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেছেন। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।
এদিকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদার নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁকে উদ্ধারে অভিযান শুরুর অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
ভোরের আকাশ/জেআ