বই বিক্রির অর্থ ট্রেজারিতে জমা, তদন্তের মুখে প্রধান শিক্ষক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত পাঠ্যবই ও খাতা বিক্রির অভিযোগে বইবোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকার আরাফাত মঞ্জিলের সামনে থেকে বইবোঝাই ট্রাকটি জব্দ করে মঠবাড়িয়া থানা হেফাজতে নেওয়া হয়।
এদিকে, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখতার হোসেন জানান, বিক্রি করা বই ও খাতার বাবদ পাওয়া ৯ হাজার টাকা তিনি রোববার (২৮ জুন) সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখার মাধ্যমে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়েছেন।
বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই বিক্রি করা আইনবিরোধী। এ ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রধান শিক্ষক মো. আখতার হোসেন বলেন, বিক্রি করা বইগুলো আগের শিক্ষাক্রমের পুরোনো বই ছিল। বিজ্ঞানাগারে সংরক্ষিত এসব বই ও কিছু খাতা বিক্রি করে মোট ৯ হাজার ২০০ টাকা পাওয়া যায়। এর মধ্যে বই বিক্রি থেকে ৪ হাজার ২০০ টাকা এবং খাতা ও অন্যান্য কাগজ বিক্রি করে ৫ হাজার টাকা পাওয়া যায়।
তিনি আরও দাবি করেন, বই বিক্রির অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়নি। বিদ্যালয়ের বিজ্ঞানাগার পরিষ্কার-পরিচ্ছন্ন করা, কর্মচারীদের পারিশ্রমিক এবং শিক্ষকদের নাস্তার খরচে ওই অর্থ ব্যয় করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আপত্তি ওঠায় পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) একটি ভাঙারির দোকান থেকে সরকারি বই ট্রাকে তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ বই জব্দ করেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী পাঠ্যবই সরবরাহ করা হয়। অতিরিক্ত বই থাকলেও তা বিক্রির জন্য উপজেলা কমিটির অনুমোদন এবং নিলাম প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু এ বিষয়ে তাকে অবহিত করা হয়নি।
তিনি আরও বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/জেআ