পা হারানো রায়হানের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন

ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের হাতে ডান পা হারানোর পর প্রায় সাত মাস নিখোঁজ ছিল লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিমের ১২ বছর বয়সী ছেলে মো. রায়হান। অবশেষে বাবার কাছে ফিরে আসা রায়হানের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা ও চলাচলের সুবিধার্থে একটি ট্রাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ১৮ বছর বয়স পর্যন্ত রায়হানের পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রায়হানের মর্মান্তিক ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একজন শিশুর এভাবে ডান পা হারানোর ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় তিনি ব্যথিত।
ইউএনও বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, রায়হান ও তার পরিবার অত্যন্ত অসহায়। তাই তার চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাপনে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা প্রশাসন পাশে থাকবে। মানবিকতার জায়গা থেকে রায়হানের পাশে দাঁড়িয়ে তার স্বাভাবিক জীবন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
ভোরের আকাশ/সু.পা