শেরপুরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর মাসুদুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম ও নন-এমপিও শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিমসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
ভোরের আকাশ/জেআ