রামগতিতে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

রামগতিতে প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটা ও দুটি স’মিল সম্পূর্ণ ধ্বংস ও উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, হারুন অর রশিদ পাঠান,পরিদর্শক মোজাম্মেল হক প্রমুখ।
অভিযান সূত্রে জানা যায়, চর পোড়াগাছা ইউনিয়নে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল ‘মেসার্স মিরাজ এন্ড আসিফ ব্রিকস’ এবং ‘রাকিব ব্রিকস’।
অভিযান চলাকালীন ইটভাটা দুটির ২টি চুল্লি এবং চিমনি ভেঙে ফেলা হয়। একই সাথে পানি ছিটিয়ে এবং ইট তৈরির সরঞ্জাম ও মেশিনারি ব্যবহারের অনুপযোগী করে সম্পূর্ণ বিনষ্ট করা হয়। এছাড়া, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে স্থাপিত ২টি স’মিল (করাত কল) উচ্ছেদ করা হয় এবং ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং লাইসেন্সবিহীন অবৈধ স্থাপনা বন্ধে সমগ্র লক্ষ্মীপুর জেলা জুড়ে ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র