সিংগাইরে বাসি খাবার ও নোংরা পরিবেশ, দুই হোটেল মালিককে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে খাবার হোটেলে পুরোনো তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে দুই হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড-সংলগ্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। এ সময় সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোটেলে পুরোনো তেল ব্যবহার, বাসি খাবার রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী নাছির উদ্দিনকে ২ হাজার টাকা এবং মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও সচেতনতামূলক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র