সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইউনিয়ন পরিষদ চত্বরের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ছয়টি সরকারি গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নাফকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নাফ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই সরকারি নীতিমালা লঙ্ঘন করে পরিষদ চত্বরের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ছয়টি মূল্যবান গাছ কেটে ফেলেছেন।
এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। প্রাথমিক সত্যতা পাওয়ার পর চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ জানায়, চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থের পরিপন্থি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিষদ চত্বরের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা পুরোনো মেহগনি ও আকাশমণিসহ ছয়টি মূল্যবান গাছ কেটে ফেলা হয়। এ বিষয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান বা ইউপি সদস্যদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন জানায়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।