ফুলবাড়ীতে এনসিপি নেতা বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে খলিলুর রহমানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জেলা নেতাদের জানানো হলে অভিযোগগুলো যাচাই-বাছাই করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা শাখা তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ভোরের আকাশ/সু.পা