নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদাপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খয়রুল্লাহর ছেলে মো. তাজিমুদ্দীন (৩৮), শ্যামপুর খড়িবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (৫৬) এবং শ্যামপুর গ্রামের মো. সম্রাটের ছেলে শ্রী রনজিত (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল শ্যামপুর গ্রামের ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ইউএম