দেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো: মনিরুজ্জামান মিঞা বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বর্তমান সরকার এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি আমাদেরকেও এদেশকে কিভাবে আরো সুন্দর করে গড়ে তেলা যায় সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তর প্রধানগনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তাহের সামসুজ্জামান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: সফিউল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন ডা: বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো: রাশেদুল হক রিন্টু, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেল সুপার মো: তারেক কামাল, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো: ফুলকাম বাদশা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরো বলেন, নরসিংদীর আইন শৃংখলা পূর্বে চেয়ে অনেকটা উন্নত হয়েছে। অতীত কখনও ফিরে আসে না। বর্তমানকে বুকে ধারন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে।
তিনি বলেন নরসিংদীর সকল সমস্যার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপন করেন।
ভোরের আকাশ/সু.পা