খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেপ্তার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি হাসনাত হাবিব রিফাতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে পিরোজপুরের কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসনাত হাবিব রিফাতকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যা মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার রিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে মামলার ঘটনার বিস্তারিত, আজমুল হত্যাকাণ্ডে রিফাতের সুনির্দিষ্ট ভূমিকা ও তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
ভোরের আকাশ/সু.পা