গ্যাস সংকট নিরসনে সিএনজি চালকদের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নতুন গ্যাস পাম্প স্থাপন ও গ্যাস সংকট নিরসনের দাবিতে সিএনজি চালকদের টানা পাঁচ ঘণ্টার সড়ক অবরোধের পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সিএনজি চালকরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
চালকদের অভিযোগ, একটি মাত্র গ্যাস পাম্প থাকায় গভীর রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেক সময় গ্যাস না পেয়ে ফিরে যেতে হয়। এতে আয়-রোজগার ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েন তারা।
সিএনজি চালক রুকন মিয়া বলেন- 'আমরা দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছি। একটি মাত্র পাম্পে হাজার হাজার সিএনজি গ্যাস নিতে আসে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় গ্যাস পাওয়া যায় না। এতে আমাদের দিনের আয় নষ্ট হয়। নতুন গ্যাস পাম্প স্থাপন ও গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতেই আমরা মহাসড়ক অবরোধ করেছি। প্রশাসনের আশ্বাসে আজকে আমরা অবরোধ ছেড়ে দিয়েছি।
পরে সকাল ১১টার দিকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ার পর চালকরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
ভোরের আকাশ/সু.পা