পীরগঞ্জে এমপির পক্ষে সংবাদ সম্মেলন করলেন গ্রামবাসী

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য নুরুল আমিনকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে তুলারামপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু কাওছার মো. মুজাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তুলারামপুর ওয়াক্তিয়া মসজিদের সংস্কার, মাটি ভরাট এবং রাস্তা সলিং প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংসদ সদস্য নুরুল আমিনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা তাদের দৃষ্টিগোচর হয়েছে। এসব প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি দাবি করেন, বিগত সরকারের সময় এলাকাটি বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত ছিল। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে বর্তমান সংসদ সদস্য মসজিদ সংস্কার ও সামনের অংশে মাটি ভরাটের জন্য একটি এবং রাস্তা সলিংয়ের জন্য আরেকটি প্রকল্পের বরাদ্দ দিয়েছেন। এ জন্য গ্রামবাসীর পক্ষ থেকে তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। কোনো জনপ্রতিনিধির আত্মীয়স্বজন এলাকায় বসবাস করলে সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না—এমন কোনো বিধান নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজকরা। এক প্রশ্নের জবাবে তারা স্বীকার করেন, প্রকল্প দুটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদ সদস্যের ভগ্নিপতি ইয়াকুব আলী এবং ভাগ্নে সালমান শরীফ শাওন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘পীরগঞ্জে জামায়াতের এমপির বরাদ্দে ভাগ্নে-ভগ্নিপতি প্রকল্প সভাপতি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গ্রামবাসী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ভোরের আকাশ/জেআ