বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১ ঘটিকায় সংগঠনের আয়োজনে বগুড়া শহরের শাকপালা পার্কে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে পার্ক প্রাঙ্গণে গাছের চারা রোপণের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের মাঝে নানা প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসু বলেন, "সবুজ ও ছায়াসুনিবিড় পরিবেশ আমাদের স্বাভাবিক অক্সিজেনের নিশ্চয়তা দেয়। জনাব তারেক রহমানের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের পরিবহন সেক্টরসহ দেশের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগায়, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবে।"
সংগঠনের সভাপতি আবদুল হামিদ মিটুল বলেন, "যেখানেই সবুজ, সেখানেই শান্তি। পরিবেশ রক্ষায় এই ধরনের ইতিবাচক উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।" বক্তব্যে তিনি বগুড়া শহরের তীব্র যানজট নিরসনে কার্যকর সমাধানের তাগিদ দেন এবং পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কর্মসূচিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যকরী সভাপতি সুলতান, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জ্বল, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, ক্রীড়া সম্পাদক আজাদ, দপ্তর সম্পাদক লয়া, সাংস্কৃতিক সম্পাদক জাকি, কার্যনির্বাহী সদস্য আবদুল মোমিন, আনিসার রহমান, জাহাঙ্গীর এবং মেডিকেল বন্দর শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
‘দুনিয়ার মজদুর এক হও’ এবং ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন অঞ্চলে অব্যাহতভাবে চারা রোপণ ও বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
ভোরের আকাশ/সু.পা