প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে পড়াদের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি

প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটি। সংগঠনটির প্রস্তাবিত একটি মানবিক সহায়তামূলক প্রকল্প আন্তর্জাতিক আইইইই কম্পিউটার সোসাইটির ‘ব্রডেনিং পার্টিসিপেশন ইন কম্পিউটিং (বিপিসি)’ কর্মসূচির আওতায় আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।
‘এমপাওয়ারিং খাগড়াছড়ি ইয়ুথ: ইকুইপিং বাংলাদেশি ইয়ুথ উইথ ফিউচার-রেডি টেক স্কিলস, অ্যাচিভিং থ্রি-জিরো সাসটেইনেবিলিটি’ শীর্ষক প্রকল্পটির আওতায় খাগড়াছড়ি জেলার ৫০ জনের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য তাঁদের ডিজিটাল সাক্ষরতা, প্রোগ্রামিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন।
প্রকল্পের অংশ হিসেবে খাগড়াছড়িতে সৌরবিদ্যুৎচালিত একটি আধুনিক ডিজিটাল লার্নিং সেন্টার স্থাপন করা হবে। সেখানে থাকবে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শিক্ষা, অভিজ্ঞ মেন্টরদের নিয়মিত দিকনির্দেশনা এবং প্রশিক্ষণ শেষে সনদ দেওয়ার ব্যবস্থা থাকবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার তরুণদের প্রযুক্তি শিক্ষায় অংশগ্রহণের সুযোগ বাড়বে। একই সঙ্গে নতুন দক্ষতা অর্জনের ফলে তাঁদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।
বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের ধারণাকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি-জিরো ভিশন’-এর সঙ্গে সমন্বয় করে সাজানো হয়েছে। এ দর্শনের তিনটি প্রধান লক্ষ্য হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ। সৌরশক্তিনির্ভর অবকাঠামো এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রকল্পটি এসব লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রয়েছেন ৩৯তম ব্যাচের মো. আজমাঈন, ৪০তম ব্যাচের রাইয়ানুল কাদের চৌধুরী আবিদ, ৪১তম ব্যাচের অর্নব সিকদার এবং ৪২তম ব্যাচের ইফতেখার মোহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী ও সাইদ ইবনে সাইফ। প্রকল্পটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা দিচ্ছেন।
এ উদ্যোগে সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর কিংশুক ধরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে প্রকল্পটির অনুমোদন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবকল্যাণে কাজ করার আগ্রহের স্বীকৃতি। বিশেষ করে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের প্রযুক্তি শিক্ষার আওতায় আনার এ উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে খাগড়াছড়ির তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
ভোরের আকাশ/জেআ