সোনারগাঁয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর খালপাড় চেসাইন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও সিপিসি-নারায়ণগঞ্জের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ হানিন আল তোরাবী বলেন, “মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় জমা দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব