মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যাচারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়ের উদ্দিন প্রামাণিক মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে সড়ক পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় একটি চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার কান ও মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে অ্যাম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ এনউব