দেশজুড়ে সমালোচনার ঝড়
কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে যুবকের টিকটক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনায় চরম দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
সরকারি একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে দাপ্তরিক গোপনীয়তা ও পবিত্রতা ভঙ্গের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই কার্যালয়ের নির্দিষ্ট ও মূল চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের তালে নানা রকম অঙ্গভঙ্গি করছেন। একপর্যায়ে তিনি চেয়ার ছেড়ে উঠে অফিসের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক বিভিন্ন নথি ও সরকারি ফাইলপত্র টেবিলে ছড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে টিকটক করা ওই যুবক সংশ্লিষ্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন; তিনি সম্পূর্ণ একজন বহিরাগত। সরকারি একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমতি বা বাধা ছাড়া একজন বহিরাগত কীভাবে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও সাধারণ সেবাপ্রত্যাশীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রয়োজনে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সেবা পাই না। অথচ বহিরাগত যুবকরা এভাবে প্রকাশ্যে সরকারি চেয়ার দখল করে টিকটক ভিডিও বানায়! এটি সরকারি অফিসের মর্যাদা ও সুশাসনের চরম অবমাননা।
এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, "বিষয়টিসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আমার নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি কার্যালয়ে শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ও সাধারণ মানুষ।
ভোরের আকাশ/রই