চাঁপাইনবাবগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক মসজিদ ও ড্রেন নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক স্থানীয় নেতা ওদুদ মহুরি ও জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জেরে ওই এলাকায় এই ককটেল মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সকালে ককটেল বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ১১টি ককটেল উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মসজিদ ও ড্রেন সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে জড়িতদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আ.র