শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাহমুদ, শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম তরফদার জিন্নাহ, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, অধ্যক্ষ মো. আব্দুল হাই বারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, প্রভাষক আশরাফুল আলম ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন।
তাঁরা আরও বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষকদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত হলে শিক্ষার মানোন্নয়ন আরও গতিশীল হবে।
ভোরের আকাশ/জেআ