নিয়ামতপুরে কৃষকদের উদ্যোগে দেড় কিলোমিটার ড্রেন

টানা তিন দিনের বৃষ্টিতে জমিতে জমেছে পানি। কোথাও পাকা আমন ধান পানিতে ডুবে আছে, কোথাও কাটা ধান পড়ে রয়েছে জমিতেই। এমন পরিস্থিতিতে ফসল রক্ষায় কোনো সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেরাই মাঠে নেমেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগইল গ্রামের কৃষকরা। নিজেদের উদ্যোগে ধানখেতের মাঝ দিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ অস্থায়ী ড্রেন তৈরি করেছেন তাঁরা। তাঁদের এ উদ্যোগে প্রায় ২৫০ বিঘা জমির ধান রক্ষার আশা দেখছেন স্থানীয় কৃষকরা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মযজ্ঞ মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ হয়। এতে গ্রামের ৪০-৫০ জনের বেশি কৃষক অংশ নেন। গাংগইল গ্রাম থেকে পঙ্গী বিল পর্যন্ত ধানখেতের মাঝ দিয়ে তৈরি করা হয়েছে এ অস্থায়ী পানি নিষ্কাশন নালা। এর মাধ্যমে প্রায় ৫০ জন কৃষকের জমিতে জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠের নিচু জমিগুলো পানিতে তলিয়ে যায়। এতে পাকা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তাঁরা। জমিতে পানি জমে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, পানি না সরলে জমিতে পড়ে থাকা কাটা ধানও উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় নিজেদের জমির ফসল বাঁচাতে সবাই মিলে ড্রেন তৈরির সিদ্ধান্ত নেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ড্রেন তৈরি করেন তাঁরা।
স্থানীয় কৃষক আনিছার বলেন, ‘কয়েক দিনের বৃষ্টিতে আমাদের ধানখেতগুলোতে পানি জমে গেছে। অনেক জমির পাকা ধান পানিতে পড়ে আছে। এভাবে পানি জমে থাকলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সবাই মিলে নিজেরাই পানি বের করার ব্যবস্থা করেছি। এত কষ্ট করে ফসল ফলানোর পর যদি ঘরে তুলতে না পারি, তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। সরকারি সহযোগিতা পেলে কৃষকদের জন্য অনেক উপকার হতো।’
কৃষক মজিদ বলেন, ‘আমরা সারা বছর অনেক কষ্ট করে জমিতে ধান চাষ করি। কিন্তু শেষ সময়ে বৃষ্টির কারণে সব পরিশ্রম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই বসে না থেকে গ্রামের কৃষকরা একসঙ্গে কাজ করে ড্রেন তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য একটাই—জমির পানি দ্রুত বের করে ধানগুলো রক্ষা করা। ধান ঘরে তুলতে পারলে অন্তত কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’
এদিকে শুধু জমির পানি নিষ্কাশনই নয়, বৃষ্টিতে জমিতে পড়ে থাকা ধান উদ্ধার করতেও ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি থেকে ধান সংগ্রহ করছেন, আবার কেউ ভেজা ধান দড়িতে ঝুলিয়ে শুকানোর চেষ্টা করছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ফসল ঘরে তুলতে তাঁদের এমন প্রাণান্তকর চেষ্টা চলছে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান বাজারে বিক্রি করতে গিয়ে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারেন। তাই উৎপাদন খরচ ও ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ধান সংগ্রহ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টিতে যেসব জমিতে পানি জমেছে, সেসব জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। কৃষকরা নিজেদের উদ্যোগে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। পানি দ্রুত বের করে দিতে পারলে ফসলের ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’
ভোরের আকাশ/ এনউব