নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫০) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোপালগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু গোপালগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার বিবরণে বলা হয়, গত ৯ আগস্ট গভীর রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশের হাট পাকা সড়কে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমবেত হয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাঁরা পলাতক আসামি ছিলেন।
নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে পুলিশ দিনরাত কাজ করছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা