আলু-সরিষা-ভুট্টার জমি নিয়ে দুশ্চিন্তা
ঘোড়াঘাটে রোদ উঠতেই ফসল রক্ষায় মাঠে কৃষকরা

দিনাজপুরের ঘোড়াঘাটে টানা বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমেছে পানি।
একই সঙ্গে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠার পর ক্ষতিগ্রস্ত ফসল রক্ষায় মাঠে নেমেছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে যাওয়া কাটা ধানের গাছ শুকানোর জন্য কৃষকেরা উল্টে দিচ্ছেন। কোথাও আবার জমি থেকে ভেজা ধান তুলে উঁচু জায়গায় শুকাতে দিচ্ছেন। অনেক কৃষক ধান পুরোপুরি না পাকলেও পানিতে পচে নষ্ট হওয়ার আশঙ্কায় আগাম কাটতে বাধ্য হচ্ছেন। দুই দিনের বৃষ্টিতে ফসলের মাঠজুড়ে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।
বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। স্থানীয় কৃষকেরা জানান, বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় এত দিন মাঠে নামতে পারেননি তাঁরা। মঙ্গলবার সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধারে কাজে নেমেছেন। তবে অপরিপক্ব ধান কাটতে হওয়ায় ফলন কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
কশিগাড়ী এলাকার ভুট্টাচাষি আতিয়ার জানান, আট দিন আগে তিনি জমিতে ভুট্টার বীজ বপন করেছিলেন। এরই মধ্যে বীজ থেকে চারা গজাতে শুরু করেছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি। এতে কী পরিমাণ ক্ষতি হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, পানিতে ডুবে যাওয়া ধানের বিচালি থেকে ধানের শিষ কেটে সংগ্রহ করে জালি দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। বৃষ্টি না হলে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে ভুট্টাসহ অন্যান্য ফসলের জমি থেকে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে। তবে ধানের বিচালি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা