মদনে শিশু ধর্ষণ ও গর্ভবতী হওয়া মামলার আসামির মৃত্যুদন্ডাদেশ

নেত্রকোনার মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী হওয়ার বহুল আলোচিত চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা হয়েছে। বুধবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুছ সালামের আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণা হয়েছে।
ধর্ষণকারী আমান উল্লাহ সাগরের ফাঁসির রায় ঘোষণা করেন বিচারক। মামলার অপর আসামি সাগরের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে মামলার দায় থেকে খালাস প্রদান করা হয়েছে।
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে আমান উল্লাহ সাগর। তিনি ওই গ্রামের হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। আমান উল্লাহ সাগর মদন উপজেলার পাঁচাহাড় গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাতে তার স্ত্রীও শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ওই মাদ্রাসায় আশেপাশের এলাকার মেয়েরা লেখাপড়া করে। একই এলাকার স্বামী পরিত্যক্ত মহিলার একমাত্র মেয়ে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। জীবিকা নির্বাহের তাগিদে কিশোরীর মা সিলেটে গৃহ পরিচালিকার কাজ করেন। ওই মেয়েটি নানীর কাছে থেকে ওই মহিলা কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। এর মধ্যে গত বছর নভেম্বর মাসে আমান উল্লাহ সাগর ওই মেয়েটিকে মাদ্রাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে না জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখান সাগর। পরে তার আরেক শিক্ষককে ঘটনাটি জানালে মেয়েটিকে মাদ্রাসা থেকে বের করে দেন আমান উল্লাহ। পাঁচ মাস পার হওয়ার পর কিশোরী মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা যায়। সন্দেহ হলে মেয়েটির মা জিজ্ঞাসাবাদ তাকে করেন। একপর্যায়ে শিক্ষক আমান উল্লাহ সাগর দ্বারা ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তার মাকে জানায়। ঘটনাটি জেনে কিশোরীর মা এলাকায় বিচার চাইতে যান। আমান উল্লাহর পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পেয়ে উল্টো তাদের হুমকির ধমকিতে এলাকা ছাড়তে বাধ্য হন। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগরসহ দুইজনের বিরুদ্ধে মাদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর শিক্ষক আমান উল্লাহ এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার আসামি আমান উল্লাহর আত্মপক্ষ সমর্থনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ৫ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, অসুস্থতার জন্য তিনি কথা বলতে পারছেন না। তারপরও বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছেন।
দেশের আইন ও বিচারের প্রতি শ্রদ্ধাশীল আছেন জানিয়ে ওই শিক্ষক দাবি করেন, তাকে নিয়ে অপপ্রচার চলছে। তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে কোনোভাবে তিনি জড়িত নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে, তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে।’
ভিডিও ছড়িয়ে পড়ায় এ নিয়ে সমাজের মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়। অন্যদিকে মামলা দায়েরের ১৩দিনেও পুলিশ আসামি গ্রেপ্তার করতে না পাড়ায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়। পুলিশের দাবি অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগর নিজেকে নির্দোষ দাবি করেছেন। পরে র্যাব ময়মনসিংহ- ১৪ ময়মনসিংহের ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব গ্রেপ্তার করে। পরদিন আদালত তাকে তিনদিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এতে প্রমানীত হয় নবজাতক শিশু কণ্যাটির বাবা আমান উল্লাহ সাগর।
নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুছ সালাম বুধবার আসামির উপস্থিতিতে ওই মামলার রায় ঘোষণা করেন। আসামি আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় তাকে মৃত্যুদন্ডের আদেশ ও এক লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন। মামলার অপর আসামি সাগরের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে মামলার দায় থেকে খালাস প্রদান করা হয়েছে। খিকটিমের গর্ভ থেকে জন্ম নেওয়া নবজাতক কন্যা শিশু সন্তানের ভরণপোষন, শিক্ষা ও লালন পালনের সার্বিক দায়িত্ব রাস্ট্রকে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নুরুল কবীর রুবেল এই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুুত সময়ে ৬০ দিবসের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের চার্জশীট, ডিএনএ পরীক্ষা সবই সম্পন্ন হয় এবং মামলার বিচার কার্য সম্পন্ন হয়।
বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিডিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল জানান, শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। এর আগে সিআইডির ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যাওয়ায় তার পিতৃত্ব শতভাগ নিশ্চিত হয়। আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব